মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহে র্যাব-১৪ এর পৃথক দুটি অভিযানে রেলযাত্রীর চুরি হওয়া স্বর্ণালংকার, নগদ টাকা ও দলিলপত্রসহ মালামাল উদ্ধার এবং দুই চোরকে গ্রেফতার করা হয়েছে। অপর এক অভিযানে ৯৬০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে মোঃ আতিকুর রহমান (৪৭), পিতা-মৃতঃ নুরুল ইসলাম, সাং-হাটশিরা, থানা-কলমাকান্দা, জেলা-নেত্রকোনা তার স্ত্রী ও সন্তানদের নিয়ে ঢাকা বিমানবন্দর রেলস্টেশন থেকে নেত্রকোনাগামী আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেসে যাত্রা করেন। ট্রেনের ভেতরে তার সিটের উপরে রাখা ব্যাগে জমির মূল দলিলপত্র, প্রায় ৮ ভরি স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল ছিল।
একইদিন বিকেল ৪টা ৩০ মিনিটে ট্রেনটি ময়মনসিংহ রেলস্টেশনে বিরতি দিলে তিনি নামাজ পড়তে যান। ফিরে এসে দেখেন, তার ব্যাগ অজ্ঞাত চোরেরা কৌশলে নিয়ে গেছে। এ ঘটনায় তিনি ময়মনসিংহ রেলওয়ে থানায় মামলা দায়ের করেন (মামলা নং-০১, তারিখ-২৫ সেপ্টেম্বর ২০২৫, ধারা-৩৭৯ পেনাল কোড)।
ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। পরে র্যাব-১৪, ময়মনসিংহ গুরুত্ব দিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে অভিযান চালায়।
এরই ধারাবাহিকতায় ২৬ সেপ্টেম্বর রাত ১১টায় সদর কোম্পানি, র্যাব-১৪ ময়মনসিংহ এর একটি চৌকস দল শহরের ডিবি রোড এলাকায় অভিযান পরিচালনা করে চুরির সঙ্গে জড়িত দুই আসামিকে গ্রেফতার করে। তারা হলো—
১। মোঃ বাবুল (৩২), পিতা-মোঃ আবুল কালাম, সাং-শেওড়া ধোপাখোলা, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।
২। রনি বনিক (৩৫), পিতা-প্রশন্ন বনিক, সাং-শেওড়া ডিবি রোড, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।
গ্রেফতারকৃতদের তথ্যের ভিত্তিতে র্যাব চুরি হওয়া ব্যাগ, জমির মূল দলিলপত্র, প্রায় ৭ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১৭ হাজার টাকা উদ্ধার করে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এছাড়াও আজ শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টা ১০ মিনিটে র্যাব-১৪ এর আরেকটি আভিযানিক দল ময়মনসিংহ রেলস্টেশন এলাকায় অভিযান চালায়। এসময় ৯৬০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন