বেলকুচিতে প্রামানিক যুব সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫(শুক্রবার)
“সবুজ প্রকৃতি, নির্মল পরিবেশ—বাঁচুক প্রাণ, বাঁচুক দেশ” এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে প্রামানিক যুব সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকালে বেলকুচি উপজেলার কোনাবাড়ি সড়ক সংলগ্ন এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের সদস্যরা বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেন প্রামানিক যুব সংগঠনের সভাপতি রোকন উদ্দিন। এতে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন কিবরিয়া।

এ সময় প্রধান উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন কিবরিয়া বলেন, “দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষায়ও আমাদের দায়িত্ব নিতে হবে। বর্তমান জলবায়ু সংকট মোকাবিলায় প্রত্যেকের উচিত নিজ নিজ বাড়ির আঙিনা, রাস্তার ধারে ও খালি জায়গায় বেশি করে গাছ লাগানো। পরিবেশ সুরক্ষা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রামানিক যুব সংগঠনের সহ-সভাপতি রাসেল আহমেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ সিয়াম, সদস্য শাকিল, জয়নাল, শান্ত, জুবায়ের, মিজানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

আয়োজকরা জানান, প্রামানিক যুব সংগঠনের এ বৃক্ষরোপণ কার্যক্রম চলমান থাকবে এবং পর্যায়ক্রমে বেলকুচি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রামাঞ্চলে আরও গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন