নিজস্ব প্রতিবেদক
পবিত্র কুরআন নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিমের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। দৈনিক আল ইহসান পত্রিকার রিপোর্টার মুহম্মদ আরিফুর রহমানের পক্ষে বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট শেখ ওমর রেজিস্টার্ড ডাকযোগে এ লিগ্যাল নোটিশ পাঠান।
নোটিশে উল্লেখ করা হয়, গত ৬ অক্টোবর ২০২৫ তারিখে ইউটিউব চ্যানেল “চরমোনাই দর্পণ”-এ প্রকাশিত একটি ভিডিওক্লিপে সৈয়দ ফয়জুল করিমকে পবিত্র কুরআন নিয়ে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায়। তিনি বক্তব্যে বলেন, “শুধু কুরআন কিচ্ছু না” এবং “শুধু কুরআন কুরআন, এর মধ্যে শুভঙ্করের ফাঁকি”।
নোটিশে বলা হয়েছে, ফয়জুল করিমের এই মন্তব্য পবিত্র কুরআনের মর্যাদা ও পবিত্রতার পরিপন্থী এবং দেশের মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। পবিত্র কুরআন একটি পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ দিকনির্দেশনামূলক গ্রন্থ—এ বিষয়ে অবমাননাকর মন্তব্য করা বাংলাদেশের সংবিধান ও দণ্ডবিধি অনুযায়ী দণ্ডনীয় অপরাধ বলেও নোটিশে উল্লেখ করা হয়।
লিগ্যাল নোটিশে ফয়জুল করিমকে ৩ (তিন) দিনের মধ্যে প্রকাশ্যে তাঁর বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দ্বীন অবমাননামূলক মন্তব্য না করার প্রতিশ্রুতিও দিতে আহ্বান জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে পদক্ষেপ না নিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন