নয়া বাংলা ডেস্ক
রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান বলেছেন, নিউইয়র্কে সংঘটিত কোনো ঘটনার জন্য বাংলাদেশে আওয়ামী লীগ সমর্থকদের বাড়িঘরে হামলা বৈধ হতে পারে না। এটি অত্যন্ত বিপজ্জনক প্রবণতা। এমনকি কোনো ব্যক্তি সরাসরি অপরাধ করলেও, তার বাড়ি বা পরিবারের ওপর আক্রমণ করার অধিকার কারও নেই।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তিকে পাওয়া গেলেও তার ওপর পাল্টা হামলা গ্রহণযোগ্য নয়, আইনগত ব্যবস্থাই হওয়া উচিত একমাত্র পথ। শেখ হাসিনার বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও তার কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগ নেতাকর্মী বা সমর্থকদের লক্ষ্য করে হামলা চালানো সম্পূর্ণ বেআইনি।
ডা. জাহেদ মনে করেন, শেখ হাসিনা দেশকে এমন এক অবস্থায় নিয়ে গেছেন যেখানে আইন-শৃঙ্খলার প্রয়োগ কার্যকর নয়। অথচ বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে আইনের শাসন প্রতিষ্ঠা অপরিহার্য। তাই অন্যায়ের জবাবে অন্যায়কে বৈধতা দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, “আমরা স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ, কিন্তু সেই আবেগে আইন ভাঙা উচিত নয়। কারও অন্যায়ের কারণে পাল্টা অন্যায় করার অধিকার আমাদের নেই।”

একটি মন্তব্য পোস্ট করুন