নয়া বাংলা ডেস্ক
গাজীপুরের টঙ্গীতে ভয়াবহ কেমিক্যাল দুর্ঘটনায় আহত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাহসী সদস্যদের সুস্থতা কামনায় সারা দেশে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। জাতি আজ তাদের জন্য হাত তুলেছে মহান সৃষ্টিকর্তার দরবারে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরে আয়োজিত বিশেষ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। তাঁর সঙ্গে আরও ছিলেন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
দোয়া মাহফিলে কণ্ঠ রুদ্ধ হয়ে আসে সহকর্মীদের। আহতদের নাম উচ্চারণের সময় অনেকের চোখ ছলছল করে ওঠে। তারা বলেন— জীবন বাজি রেখে মানুষের প্রাণ বাঁচাতে ছুটে চলা এই বীরদের দ্রুত সুস্থ হয়ে আবারও কর্মক্ষেত্রে ফিরে আসাই আজ সবার একমাত্র প্রার্থনা।
জাতি আজ স্মরণ করছে সেই আগুনযোদ্ধাদের ত্যাগ আর সাহসিকতা। দুর্ঘটনায় আহতদের প্রতি সমবেদনা জানিয়ে দেশবাসীর পক্ষ থেকে দোয়া অব্যাহত রয়েছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরে ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল বলেন— “আমাদের সহকর্মীরা দেশের মানুষের জন্য প্রাণপণ লড়ছেন। তাদের জন্য আপনাদের দোয়া-প্রার্থনা সবচেয়ে বড় শক্তি।”
আহতদের দ্রুত আরোগ্য কামনায় রাজধানী থেকে গ্রাম— সর্বত্রই উঠেছে একটাই প্রার্থনা:
“হে আল্লাহ, আমাদের বীর সন্তানদের সুস্থ করে আবার তাদের শক্ত হাতে দেশসেবার ময়দানে ফিরিয়ে দাও।”

একটি মন্তব্য পোস্ট করুন