হাফিজুর রহমান সাতক্ষীরা (কালিগঞ্জ)
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মৌতলা এলাকায় ঘুরে বেড়ানো এক মানসিকভাবে অসুস্থ নারীকে সন্তান সম্ভাবা অবস্থায় স্থানীয়রা গত ১১ আগস্ট কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৬ সেপ্টেম্বর তিনি জন্ম দেন এক ফুটফুটে কন্যা সন্তান।
এই নবজাতকের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের মধ্যেই আশার আলো হয়ে আসেন নলতা মাগুরালি গ্রামের নিঃসন্তান দম্পতি আশিকুর রহমান ও রুমানা আক্তার। তারা সাতক্ষীরা জেলা শিশু কল্যাণ বোর্ডে দত্তক নেওয়ার আবেদন করেন। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, শিশুটিকে মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিশু কল্যাণ বোর্ডের সভাপতি অনুজা মণ্ডল শিশুটিকে নতুন জামা ও উপহার সামগ্রী দিয়ে রুমানা-আশিক দম্পতির হাতে তুলে দেন। শিশুটির নাম রাখা হয়েছে আফিফা জান্নাত—একটি নাম, যা তার নতুন জীবনের শুভ সূচনার প্রতীক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বুলবুল কবির, সমাজসেবা কর্মকর্তা শাকিল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা হোসনেয়ারা বেগমসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দত্তক নেওয়ার পর আশিক-রুমানা দম্পতি বলেন, “আমাদের ১৬ বছরের দাম্পত্য জীবনে সন্তান না থাকায় যে শূন্যতা ছিল, আফিফা সেই শূন্যতা পূরণ করেছে। আমরা তাকে নিজের সন্তানের মতোই লালন-পালন করব এবং সমাজে তার পরিচয়হীনতার গ্লানি দূর করতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন সরকারি নিয়ম মেনে তাকে একজন সুন্দর মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।”
এই গল্পটি শুধু একটি দত্তক নেওয়ার ঘটনা নয়—এটি ভালোবাসা, মানবতা এবং নতুন জীবনের এক অনন্য উদাহরণ।

একটি মন্তব্য পোস্ট করুন