নয়া বাংলা ডেস্ক
দেশের আলিয়া মাদ্রাসাগুলোতে মুসলিম ছাড়া অন্য কোনো শিক্ষার্থী না থাকায় আসন্ন দুর্গাপূজাসহ ভিন্ন ধর্মাবলম্বীদের সব ছুটি বাতিল করে নিয়মমতো পাঠদান চালু রাখার দাবি তুলেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
বুধবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, অন্য ধর্মীয় অনুষ্ঠান পালনের অধিকার সবার আছে, এতে কারও আপত্তি নেই। তবে আলিয়া মাদ্রাসার শিক্ষাব্যবস্থায় যেহেতু ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থী নেই, তাই এসব ছুটি এ প্রতিষ্ঠানের জন্য অযৌক্তিক। যদি কোনো শিক্ষক ভিন্ন ধর্মাবলম্বী হয়ে থাকেন, তিনি নিজের ধর্মীয় ছুটি নিতে পারবেন—এ বিষয়ে কোনো বাধা নেই। কিন্তু শিক্ষার্থীদের ওপর জোরপূর্বক এ ধরনের ছুটি চাপিয়ে দেওয়া যৌক্তিক নয়।
তারা আরও বলেন, দেশের বহু স্বনামধন্য আলিয়া মাদ্রাসায় হাজার হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে, কিন্তু একজনও ভিন্ন ধর্মাবলম্বী নেই। উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়—তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসা ও আল-ফারুক ক্যাডেট মাদ্রাসার নাম। এ প্রেক্ষাপটে বক্তারা বিশেষ করে দুর্গাপূজা উপলক্ষে আলিয়া মাদ্রাসায় ছুটি বাতিল করে যথারীতি পাঠদান চালিয়ে যাওয়ার জোর দাবি জানান।

একটি মন্তব্য পোস্ট করুন