নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সেনাবাহিনী আজ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে শহীদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন, এসবিপি-কে। আজ তাঁর প্রথম শাহাদাত বার্ষিকী।
গত বছরের এই দিনে কক্সবাজারের চকরিয়া উপজেলায় ডাকাতি প্রতিরোধ অভিযানে সাধারণ মানুষের জীবন ও সম্পদ রক্ষায় অসীম সাহসিকতার পরিচয় দেন এই তরুণ সেনা কর্মকর্তা। একাই একাধিক ডাকাতের মোকাবিলা করে তিনি বীরদর্পে লড়াই চালিয়ে যান। এক পর্যায়ে শত্রুর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে মাত্র ২৩ বছর বয়সে শহীদ হন।
অসামান্য এই আত্মত্যাগের জন্য তাঁকে মরণোত্তর সেনাবাহিনী পদক (এসবিপি) প্রদান করা হয়। সেনাবাহিনী বলেছে, শহীদ নির্জনের মতো অকুতোভয় সেনাসদস্যরা বাংলাদেশ সেনাবাহিনীর গর্ব ও চিরন্তন প্রেরণার উৎস। দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জীবন উৎসর্গের এই অঙ্গীকার সেনাবাহিনীর প্রতিটি সদস্যের অন্তরে দৃঢ়ভাবে প্রতিফলিত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন