মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহে ইজিবাইক চালক খোকন মিয়া হত্যা মামলার প্রধান আসামি মোঃ বদর উদ্দিন আল সানি বাদল (৪০)কে রাজধানীর সেনানিবাস এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪। এছাড়া পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী ও এক সাজাপ্রাপ্ত আসামিসহ আরও দুইজনকে আটক করা হয়েছে। অপহৃত এক কিশোরীকেও উদ্ধার করা হয়।
র্যাব-১৪ সূত্রে জানা যায়, নিহত খোকন মিয়া (সাং–করমা, থানা–ঈশ্বরগঞ্জ) ও প্রধান আসামি বাদল একই বংশের আত্মীয়। জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে গত ৩ অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে বাদলসহ এজাহারনামীয় আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে খোকন মিয়ার বাড়িতে অতর্কিত হামলা চালায়। তারা খোকন মিয়াকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে এবং ঘরবাড়ি ও আসবাবপত্র ভাঙচুর করে, যার আনুমানিক ক্ষতি প্রায় ২ লক্ষ টাকা।
গুরুতর আহত অবস্থায় তাকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক ৪ অক্টোবর ভোর ৪টায় মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে মোঃ বিল্লাল হোসেন ঈশ্বরগঞ্জ থানায় হত্যা মামলা (নং-০৩, তারিখ-০৪/১০/২০২৫, ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৩০২/৪২৭/৫০৬(২) পেনাল কোড) দায়ের করেন।
ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। গুরুত্ব বিবেচনায় র্যাব-১৪ এর সিপিএসসি ময়মনসিংহ ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান শনাক্ত করে ৬ অক্টোবর সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ঢাকা সেনানিবাস (জি আর্মি সাউথ) এলাকা থেকে ডিএমপি ও সেনা কর্তৃপক্ষের সহায়তায় তাকে গ্রেফতার করে র্যাব-১৪ ও র্যাব-৪ এর যৌথ দল।
এছাড়া একই দিনে রাত ১০টা ৫৫ মিনিটে মুক্তাগাছা থানার কেওয়াটখালী এলাকা থেকে ১১৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মিন্টু মিয়া (৪০) কে গ্রেফতার করা হয়। অপর এক অভিযানে কোতোয়ালী থানার মামলা নং-৪৯(৬)২২ এর ১ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি রনি (২৬) কে একই এলাকা থেকে আটক করা হয়।
নান্দাইল থানার অপহরণ মামলা (নং-০২, তারিখ-০২/১০/২০২৫, ধারা: নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৭/৩০) এর অপহৃত ১৪ বছর বয়সী এক কিশোরীকেও উদ্ধার করেছে র্যাব। গত ৯ সেপ্টেম্বর স্কুল থেকে ফেরার পথে সিএনজি যোগে অপহরণ করা হয় কিশোরীটিকে। পরে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানার পূর্ব উজানচর এলাকা থেকে রাত ৮টা ২০ মিনিটে তাকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব-১৪।

একটি মন্তব্য পোস্ট করুন